নোয়াখালীর ৫ গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু

ছবি : সংগৃহীত।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে সেহরি খেয়ে পবিত্র রমজানের রোজা পালন শুরু করেছেন নোয়াখালীর পাঁচটি গ্রামের বাসিন্দারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জেলার তিনটি উপজেলার অন্তত ১০টি মসজিদে একযোগে তারাবি নামাজ আদায়ের মাধ্যমে তারা রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেন।

জানা যায়, বড় পীর আবদুল কাদির জিলানী (রহ.)–এর আদর্শভিত্তিক কাদেরিয়া তরিকার অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করে আসছেন।

সংশ্লিষ্টদের দাবি, প্রায় ১০০ বছর ধরে তারা একদিন আগে সেহেরি, ইফতার, রোজা ও ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করে আসছেন।

এদিকে, স্থানীয়ভাবে এ প্রথা ঘিরে এলাকায় ধর্মীয় আবহ সৃষ্টি হয়েছে। মুসল্লিরা জানান, পারস্পরিক সম্প্রীতি বজায় রেখেই তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইবাদত পালন করছেন।

যেসব গ্রামে এ প্রথা অনুসরণ করা হয়, সেগুলো হলো- নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর, কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের রামভল্লবপুর এবং বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

মঙ্গলবার রাতে বসন্তবাগ সিনিয়র মাদরাসা জামে মসজিদ, বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ, নগর বাড়ির দরজা জামে মসজিদ, ভূঁইয়া বাড়ির দরজা জামে মসজিদ, পশ্চিম বসন্তবাগ মুন্সি বাড়ির দরজা জামে মসজিদ, ফাজিলপুর দায়রা বাড়ির জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ফাজিলপুর জামে মসজিদ, রামভল্লবপুর দায়রা শরিফ, হরিণারায়নপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরিফ এবং খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাগীরি দায়রা শরিফে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়।

গোলামে জাহাগীরি দায়রা শরিফের সাধারণ সম্পাদক সফিকুর রহমান বলেন, আমরা দীর্ঘ শত বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)–এর দেশের সঙ্গে মিল রেখে ইবাদত করতে পেরে আমরা আনন্দিত।

কাদেরিয়া তরিকার অনুসারী নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুমন জানান, তাদের পূর্বপুরুষদের সময় থেকেই এ রীতি চলে আসছে। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার রাতে আমরা তারাবি আদায় করেছি। বুধবার থেকে আমাদের রোজা শুরু হয়েছে বলে জানান তিনি।

রশিদিয়া রহিমিয়া দরবার শরিফের ঈদের জামায়াতের ইমাম হাফেজ মোবারক হোসেন রাকিব বলেন, চাঁদ দেখা সাপেক্ষেই রোজা ও ঈদ পালন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে চাঁদ দেখা যাওয়ায় আমরা তাদের সঙ্গে মিল রেখে মাহে রমজান শুরু করেছি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়

বৃহস্পতিবার থেকে স্কুলের ছুটি শুরু

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদ দেখা গেছে, রোজা শুরু

চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

বালুবাহী খোলা ট্রাকের ধুলায় নাকাল উল্লাপাড়ার জনপদ

পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরবে না : শিক্ষামন্ত্রী

যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

১০

ফুলপুরে সেনাবাহিনীর ট্রাক ও বাসের সংঘর্ষ, নিহত ২

১১

ত্রয়োদশ সংসদের শপথ ঘিরে বৈষম্যের অভিযোগ

১২