সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংস্কার পরিষদের শপথের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটি সংস্কার প্রক্রিয়া, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা তৈরি করছে। এ কারণে কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথের মাধ্যমে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তাঁরা।
তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। দুর্নীতি দমন কমিশন (দুদক), নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, উচ্চকক্ষ ও স্বাধীন বিচারব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। এসব সংস্কার ছাড়া গণতন্ত্র টেকসই হবে না, জনগণের আস্থা ফিরবে না এবং দেশি-বিদেশি বিনিয়োগও আসবে না।
দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক দিনে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাস ও অগ্নিসংযোগের শিকার হচ্ছেন সরকার, বিরোধী দল এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ব্যক্তিরা। প্রধানমন্ত্রীও এ বিষয়ে উদ্বেগ জানিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানিয়েছেন।
তবে এনসিপির পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়গুলো স্পষ্ট না করার কারণে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে এনসিপির চার দফা দাবি রয়েছে। ট্রাইব্যুনাল ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত করছে। ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো, জেলা পর্যায়ের মামলাগুলোর তদন্ত ও অভিযোগপত্র দ্রুত সম্পন্ন করা এবং শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকরের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
ভারতের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগকে আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি; এখনকার লড়াই আওয়ামী লীগের সঙ্গে নয়, এটি ভারতীয় আধিপত্যবাদের সঙ্গে লড়াই। ভারত খুনিকে আশ্রয় দিচ্ছে এবং গণহত্যাকারী দলকে তার ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে।’
নাহিদ ইসলাম আরও বলেন, রোববার সীমান্তের ওপারে বিজেপি বাংলাদেশবিরোধী সমাবেশ করে হিন্দু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচার চালিয়েছে। ওই সমাবেশে পলাতক আওয়ামী লীগ নেতারাও যুক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। ভারতের অপপ্রচারের জবাব দিতে আলেম-ওলামা, সুফি, সাংস্কৃতিক কর্মী ও হিন্দু সম্প্রদায়সহ দেশের সব সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।
এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ে কোনো আপস না করার দাবি জানিয়েছেন তিনি। দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে আধিপত্যবাদ মোকাবিলায় একটি যৌথ জাতীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের প্রস্তাবও দিয়েছে এনসিপি।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তাঁদের প্রস্তাবগুলো প্রধানমন্ত্রী বিবেচনা ও আলোচনা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি সংলাপ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
নাহিদ বলেন, এসব প্রস্তাব কোনো শর্ত নয়, বরং জাতীয় ঐক্য গড়ে তোলার ভিত্তি। বৈঠক কতটা সফল হয়েছে, তা নির্ভর করবে পরবর্তী সময়ে সরকার কী পদক্ষেপ নেয় এবং অন্যান্য রাজনৈতিক দল ও বিরোধীদলীয় নেতাদের সঙ্গে আলোচনায় কী সিদ্ধান্ত আসে, তার ওপর।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হলো।