পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দের ফোগো দ্বীপে পাহাড়ি সড়ক থেকে একটি বাস প্রায় ৩০ মিটার নিচের গভীর খাদে পড়ে গেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। দুর্ঘটনার পর আহত কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেস দুর্ঘটনা ও হতাহতের তথ্য জানিয়েছে। স্থানীয় সময় গত শনিবার রাতে ফোগোর উত্তরাঞ্চলের একটি পাহাড়ি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার নিচে একটি গভীর খাদে পড়ে যায়।
বাসে থাকা যাত্রীদের অনেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস। আহত কয়েকজনকে ফোগোর সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই ভ্রমণের আয়োজন স্থানীয় কোনো স্কুল করেনি। বাসচালক প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এই ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছে ইনফোরপ্রেস।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ রোববারই দাফন করা হয়েছে। মরদেহগুলোর অবস্থার কারণে দ্রুত দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।
কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস এক বিবৃতিতে দুর্ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। অবশ্য দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।