বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে আয়োজিত যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি মহড়ার অনুশীলনস্থল পরিদর্শন এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে সরকারপ্রধানের।
এদিকে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষায়িত বাহিনীগুলোর অংশগ্রহণে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত পর্যায়ের অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে স্বর্ণদ্বীপে।
এই বিশেষ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপে তিন বাহিনীর সমন্বিত এই মহড়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের তথ্য অনুযায়ী, দ্বীপটিতে এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।