বহুদিন পর এক মঞ্চে দেখা মিলতে যাচ্ছে এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের। তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্ট। এটি আজ বিকেলে রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হাবিব, প্রীতম পাশাপাশি এই কনসার্টে পারফর্ম করবেন, সাম্প্রতিক সময়ে গানের ভুবনে আলোড়ন তোলা কণ্ঠশিল্পী অঙ্কন কুমার এবং ব্যান্ড ফিরোজ গং ও ভিন্টেজ থিওরি। ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্টের আয়োজন করেছে, লেটস ভাইব; যারা এর আগে সংগীতের বেশ কিছু আয়োজন করে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।
শুরুতে ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্টের অন্যান্য শিল্পী ও ব্যান্ডগুলোর পাশাপাশি নন্দিত সংগীতায়োজক ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর সংগীত দলের বন্ধুদের অংশ নেওয়ার কথা ছিল। পোস্টারেও যুক্ত করা হয়েছিল ফুয়াদের ছবি। পরবর্তী সময়ে পোস্টার থেকে ফুয়াদ আল মুক্তাদিরের ছবি সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে কনসার্ট আয়োজকদের কাছ থেকেও বিস্তারিত কিছু জানা যায়নি। যে কারণে ফুয়াদ ও তাঁর বন্ধুদের কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে।
এদিকে ‘ওউন ইয়োর স্টোরি’ কনসার্ট নিয়ে সংগীতপ্রেমীদের মাঝে দারুণ সাড়া পড়ে গেছে। কেমন হবে এ আয়োজন, ভক্ত-অনুরাগীদের কতটুকু প্রত্যাশা পূরণ হবে? এমন অনেক প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে আজ।
আয়োজকরা জানান, এখন পর্যন্ত এটাই হতে চলেছে চলতি বছরের সবচেয়ে বর্ণাঢ্য সংগীতায়োজন। তাই দর্শকের নিরাপত্তা থেকে শুরু করে, শব্দ-সংযোজনা, পরিবেশনার ধরনসহ সব কিছুতে সময়কে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ বিকেল ৫টায় বসবে বর্ণাঢ্য এ কনসার্টের আসর। চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শকের জন্য বিকেল সাড়ে ৪টায় ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। নির্দিষ্ট মূল্যের টিকিট সংগ্রহ করে সংগীতপ্রেমীরা এ আয়োজন উপভোগ করতে পারবেন।
আয়োজকদের কথায়, জীবন বেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এই সময়ও অবিরাম ব্যস্ততার। এর মাঝেই ক্ষণে ক্ষণে খুঁজে নিতে হয় আত্ম-বিশ্লেষণের মুহূর্ত। কিন্তু এমন কিছু জিনিস আছে, যার জন্য আমরা বেঁচে থাকি একটি নিখুঁত গান, একটি সম্মিলিত ভাবনা, অথবা সেই অনুভূতি যখন সবকিছু ঠিকঠাক মিলে যায় এবং পরিবেশ হয়ে ওঠে মনের মতো। আর সংগীত যদি হয় সরাসরি প্রিয় শিল্পীর কণ্ঠ থেকে ঝরে পড়া মনোমুগ্ধকর পরিবেশনার এবং সেখানে যদি উপস্থিত থাকে পুরো কমিউনিটি, তাহলে কেমন হয়?
এসব প্রশ্ন সামনে রেখেই এই কনসার্টের পরিকল্পনা এবং সবকিছু তাদের চাওয়ামাফিক প্রস্তুত করে রাখা হয়েছে। তাই নির্দ্বিধায় সংগীতপ্রেমীদের আহ্বান জানিয়েছে এই বলে– ‘আসুন সব কোলাহলকে পেছনে ফেলে লেটস ভাইব আয়োজিত ‘ওউন ইওর স্টোরি’-তে। আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছি, যেখানে লোককথা বাস্তবে পরিণত হবে এবং আপনার যাত্রাই হবে মূল আকর্ষণ।’ আয়োজকদের মতো এই কনসার্ট নিয়ে আশার কথা শুনিয়েছেন শিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ নিজেও।
তাঁর কথায়, বাংলা গানে শ্রোতাদের যে তৃষ্ণা, তা পূরণ করতে এমন আয়োজন ধারাবাহিকভাবে হওয়া উচিত। যেখানে কিছু সময়ের জন্য হলেও তারা সুরের অতলে ডুব দেওয়ার সুযোগ পাবেন। প্রীতম হাসানের কথায়, তারকাবহুল এই অনেকটা সুরের খরা কাটিয়ে বৃষ্টিমুখর দিনের পরশ পাওয়ার মতো। হাবিব ওয়াহিদের সঙ্গে মঞ্চ শেয়ার করার অনুভূতিটা এমন হবে বলেই তাঁর বিশ্বাস।