দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। বিশেষ এই প্রেক্ষাপটে ওই বছরের ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেয়। তারপর অতিবাহিত হয়েছে দেড় বছর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর আজ মঙ্গলবার প্রথমে শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, পরে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রথমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান এবং তার মন্ত্রিসভার সদস্যরা। এর মাধ্যমে দেড় বছর পর দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলো।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চড়াই-উতরাই পেরিয়েছে বাংলাদেশ। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে অবস্থান করছিলেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায়, ৩০ ডিসেম্বর, মারা যান তাঁর মা ও বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শোকের মধ্যেই সক্রিয় রাজনীতিতে ফেরেন তিনি।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয় পায় ২০৯টি আসনে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পায় ৬৮টি আসন। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন। আদালতের নির্দেশে দুটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে এবং এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট হয়নি।

একই দিনে জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংস্কার বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গণভোটে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার জন ‘না’ ভোট দেন।

তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেননি। জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের পরিষদের দায়িত্ব পালনের কথা। কিন্তু বিএনপির দাবি, এ বিধান সংবিধানে নেই। ফলে প্রস্তুতি থাকলেও তাঁদের শপথ অনুষ্ঠান হয়নি।

বিএনপি সদস্যদের শপথ না নেওয়ায় সাময়িক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী ও এনসিপির সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই ভূমিকায় শপথ নেন।

সবশেষে বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেড় বছর পর আবারও জনগণের ভোটে নির্বাচিত সরকার পেল বাংলাদেশ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী হয়েই মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস ও রিজভীসহ ১০ উপদেষ্টা নিয়োগ

সিরাজগঞ্জে মামা মন্ত্রী, ভাগ্নে প্রতিমন্ত্রী

দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ

নিরঙ্কুশ জয়ে ক্ষমতায় বিএনপি, রাষ্ট্রপতি পদে কার আসন দৃঢ়

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান

মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু

১০

শপথ নিল জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীরা

১১

২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

১২