পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিনগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টা মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে হওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। এরপর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পন রেকর্ড হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার (৩ অক্টোবর) রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি, চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।
মিয়ানমারের ভূমিকম্পের ঠিক এক মিনিট পর বাংলাদেশ ভারত সীমান্তে মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।
এদিকে, রোববার (৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরে ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।