জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া।
এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তিনি। এসব আদর্শের প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসা কোনও ব্যক্তিগত পদ বা সাংগঠনিক অবস্থানের ওপর নির্ভরশীল নয়।
সুমাইয়া বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি আমার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না। সাম্প্রতিক সময়ে সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ আমাকে গভীরভাবে ভাবিয়েছে।’
তিনি যোগ করেন, ‘একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আমি মনে করছি, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে নিজেকে বিরত রাখাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত।’
এই বিবেচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন বলে জানান তিনি।
তবে তার এই পদত্যাগকে জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো হিসেবে না দেখার আহ্বান জানিয়ে সুমাইয়া বলেন, ‘আমি পদ থেকে সরে দাঁড়াচ্ছি, আদর্শ থেকে নয়। শহিদ জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আমার বিশ্বাস ও ভালোবাসা আগের মতোই অটুট থাকবে।’
তিনি বলেন, এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে তার সাময়িক বিরতি, জাতীয়তাবাদী রাজনীতি থেকে অবসর নয়। যতদিন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি তার কাছে সুশৃঙ্খল, আদর্শনিষ্ঠ ও সুস্থ ধারায় পরিচালিত হচ্ছে বলে মনে না হবে, ততদিন তিনি এই সাংগঠনিক রাজনীতিতে ফিরবেন না।
ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল শহিদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হলে সময় ও পরিস্থিতি বিবেচনায় পুনরায় সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানান তিনি।
সুমাইয়ার ভাষ্য, ‘আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছায়, নিজের বিবেক, রাজনৈতিক বিশ্বাস ও মূল্যবোধের জায়গা থেকে নেয়া। ব্যক্তিগত কোনো বিরোধ, পদ-পদবি কিংবা সুযোগের প্রত্যাশা থেকে নয়। পদত্যাগ করছি একটি পদ থেকে—পদত্যাগ করছি না আমার আদর্শ থেকে। বাংলাদেশি জাতীয়তাবাদ আমার বিশ্বাস, শহিদ জিয়ার আদর্শ আমার রাজনৈতিক চেতনার ভিত্তি। এই বিশ্বাস নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’
তবে সুমাইয়ার পদত্যাগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘তার পক্ষ থেকে আমি বা আমার দপ্তর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও পদত্যাগপত্র পাইনি।’