৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত এবং জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি হাতে নিয়েছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামে এই কর্মসূচি শুরু হবে আগামী ৭ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে। দেশের উত্তর প্রান্ত থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হবে দক্ষিণের সীমান্তবর্তী এলাকা টেকনাফের জিরো পয়েন্টে।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে কর্মসূচিটির ঘোষণা দেয়া হয়। সভায় রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা এতে সঞ্চালনা করেন। সভায় ‘মার্চ ফর ইনসাফ’-এর রূপরেখা ও বিভিন্ন ধাপ তুলে ধরেন আয়োজকেরা।

আয়োজকদের ভাষ্য, ৩৬ দিনের এই কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে পদযাত্রার পাশাপাশি পথসভা ও সমাবেশ করা হবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপে উত্তরাঞ্চল থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ‘মার্চ ফর ইনসাফ’। আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করার কথা রয়েছে। সেখানে কর্মসূচির একটি পর্ব শেষ করে পদযাত্রাটি দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে।

ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে; শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, গণভোটে দেয়া গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার করা।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তাদের মতে, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

মতবিনিময় সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল এবং বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার।

এ ছাড়া কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদসহ আরও অনেকে বক্তব্য দেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচিটির প্রতি সংহতি জানান। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এই দীর্ঘ পদযাত্রায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২