কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। যানজট নিরসন ও সরকারি জায়গা দখলমুক্ত করতে তিন দিনব্যাপী এ অভিযান চালানো হচ্ছে। সোমবার (২৪ আগস্ট) প্রথম দিনেই মহাসড়কের বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

‌এদিন সকালে চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান পরিচালনা করে সওজ কর্তৃপক্ষ। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া থেকে বর্ডার বাজার পর্যন্ত সড়কের দুপাশে ছয় শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট দখলদারদের আগেই নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু নোটিশের পরও স্থাপনা সরিয়ে না নেয়ায় নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, আপাতত আগামী তিন দিন এ অভিযান চলবে। সড়কের সরকারি জায়গা দখলমুক্ত করে যানবাহন চলাচলের পরিবেশ স্বাভাবিক করাই আমাদের মূল লক্ষ্য।

সওজ বিভাগ সূত্রে জানা গেছে, মহাসড়কের বিভিন্ন অংশে দোকানপাট, টিনের ঘরসহ নানা ধরনের স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে গেছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাবুরহাট এলাকায় প্রায়ই যানজটের সৃষ্টি হয়।

উচ্ছেদ করা জায়গা ভবিষ্যতে কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী জানান, উচ্ছেদ শেষে দখলমুক্ত জায়গাগুলোতে সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হচ্ছে। বাবুরহাট এলাকায় যানজট নিরসনে উচ্ছেদ করা জায়গায় ইন্টারসেকশন করা হবে। এতে যানবাহন চলাচলে সমস্যা কমবে।

চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সড়ক বিভাগের দখলকৃত জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করছেন।

সড়ক বিভাগের কর্মকর্তারা জানান, চিহ্নিত সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। এর মাধ্যমে মহাসড়কের সরকারি জায়গা দখলমুক্ত করার পাশাপাশি যানজট নিরসন ও সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২