উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক বলে জানা গেছে।
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা সকল ডাক্তারদের পৌঁছে দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো শোনেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে তারেক রহমান নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
এ সময় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।