হবিগঞ্জ ৫৫ বিজিবির বিশেষ অভিযানে মাধবপুর উপজেলার একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। বালুর ভেতরে সুকৌশলে লুকিয়ে এসব আমদানি নিষিদ্ধ পণ্য অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। শুক্রবার (১৯ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর স্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। পরে মালামালগুলো জব্দ করা হয়। জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং সীমান্তে চোরাচালান সম্পূর্ণরূপে দমনে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।