রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুর রহমান বাবলু (৫৫) নামের এক অটোচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাইকারা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বাবলু কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের মৃত সাদেক আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাসের সঙ্গে রাজবাড়ীগামী যাত্রীবাহী অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক আব্দুর রহমান নিহত হন এবং সিএনজিতে থাকা যাত্রীরা আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাংশা হাইওয়ে থানার এসআই নিলোৎপল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে কাজ শুরু করেছে। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।