আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডে হওয়া দুর্নীতি ও অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থার কার্যক্রম খতিয়ে দেখবে এই কমিটি। তদন্ত শেষে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন, যা বিধিবহির্ভূত। বিষয়টি তদন্তের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এদিকে, পিরোজপুরের উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এর ফলে গত দুই বছর ধরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে।
তিনি জানান, শিগগিরই পিরোজপুরে সরেজমিন পরিদর্শন করা হবে এবং বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।