রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১০ হাজার ১৪৫ পিস ইয়াবা, ৬ দশমিক ১৭ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম তামার তার, এক হাজার পিস সাবান ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।