দেশের গণতান্ত্রিক চর্চা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।
তিনি বলেছেন, “তথ্য কমিশন সরকার বা জনগণের পক্ষে থাকবে না; কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।”
আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে নবগঠিত কমিশনের ১০০ দিনের কর্মপরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধান তথ্য কমিশনার বলেন, সংবাদকর্মীদের উপস্থিতি ও সংবাদ সংগ্রহের মধ্য দিয়ে তথ্য কমিশনের আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও নিরপেক্ষভাবে পথচলার প্রথম পদক্ষেপ শুরু হলো। সাংবাদিকদের জন্য কমিশনের দরজা সবসময় খোলা থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কমিশনকে প্রত্যাশিত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কমিশনের বিদ্যমান সংকট তুলে ধরে ড. নাহরিন ইসলাম খান জানান, ১৫ তলাবিশিষ্ট কমিশন ভবনে অনুমোদিত ৭৬টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ২২ জন কর্মকর্তা-কর্মচারী। এত সীমিত জনবল নিয়েই কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কমিশনকে আরও জনমুখী ও কার্যকর করতে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তথ্য অধিকার (আরটিআই) আইন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চলতি নভেম্বরের শেষ সপ্তাহে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাহব্যাপী ‘তথ্যমেলা সপ্তাহ’ আয়োজন করা হবে। পাশাপাশি দেশের স্কুল ও কলেজ পর্যায়েও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অনিষ্পন্ন অভিযোগের মধ্যে ৯৫টির শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে কমিশনের নিজস্ব কার্যালয়ে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর এরই মধ্যে ২০০টির বেশি নতুন অভিযোগ জমা পড়েছে।
১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ ছাড়া সরকারি অর্থায়ন কিংবা বিদেশি অনুদানে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট পর্যবেক্ষণ করা হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
গত ১৭ বছরে তথ্য কমিশন উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেনি উল্লেখ করে প্রধান তথ্য কমিশনার বলেন, বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা কমিশনের কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্য অধিকার আইন ও তথ্য কমিশন মানুষের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে বড় অংশীদার। দেশে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তথ্য কমিশন এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির বিস্তারের সঙ্গে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের ঝুঁকিও বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং বস্তুনিষ্ঠ ও প্রামাণ্য তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অন্য তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, দীর্ঘ দুই বছর তথ্য কমিশনের কার্যক্রম বন্ধ থাকায় বিপুলসংখ্যক কাজ ও অভিযোগ জমে রয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ১০০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে নতুন কমিশন।
তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা দূর করা এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।