হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব?

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই কৌশলগত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন তিনি। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রেসিডেন্টের ঘোষণায় কোনও ভূখণ্ড যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যায় না। ফলে ট্রাম্পের এই হুমকি কি আদৌ বাস্তবে কার্যকর করা সম্ভব কি না, উঠছে সেই প্রশ্নও।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বিশ্বে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে সামরিক ও কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে। আর এর মধ্যেই গত শুক্রবার প্রণালিটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানান ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

তবে ট্রাম্পের এই হুমকির জবাবে ইরান তা ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে। একই সময়ে গত জুনে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের মেয়াদও রোববার শেষ হওয়ার কথা। মূলত সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে ইরান। অন্যদিকে এর জবাবে ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রও নৌ অবরোধ বজায় রেখেছে। এতে ইরানের অর্থনীতির ওপর আরও চাপ তৈরি হয়েছে।

কে আগে পিছু হটে—এমন এক পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের সামরিক হুমকি অব্যাহত রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে ইরানে হামলার হুমকি দিলেও শেষ মুহূর্তে সরে এসেছেন তিনি। ট্রাম্প অবশ্য ইরানের সঙ্গে আলোচনাকে ‘দাবা খেলার’ সঙ্গে তুলনা করেছেন।

হরমুজ নিয়ে কী বলেছেন ট্রাম্প?

নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে গত শুক্রবার দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করব’। নৌ অবরোধের কথা উল্লেখ করে তিনি এমন ইঙ্গিতও দেন যে হরমুজ প্রণালি ইতোমধ্যেই কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

ট্রাম্প বলেন, ‘মূলত এটাই তো হচ্ছে। আমাদের অবরোধ রয়েছে। আমরা না চাইলে কোনও জাহাজই সেখান দিয়ে যেতে পারবে না।’

তবে ইরান দাবি করছে, গুরুত্বপূর্ণ এই জলপথটির নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। মার্কিন অবরোধের দাবি থাকলেও সামুদ্রিক চলাচলের তথ্য অনুযায়ী, কিছু জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করেছে।

ওয়াশিংটন থেকে আল জাজিরার কিম্বার্লি হালকেট বলেন, ট্রাম্প যখন এসব কথা বলছিলেন, তখন তিনি হাসছিলেন। তার মতে, এতে বোঝা যায় ট্রাম্প নিজেও হয়তো বিষয়টিকে পুরোপুরি গুরুত্ব দিয়ে বলছেন না। তিনি বলেন, হরমুজ প্রণালির কর্তৃত্ব ইরান ও ওমানের। তবে প্রতিপক্ষকে চাপে ফেলতে ট্রাম্প এ ধরনের বক্তব্য দিতে পছন্দ করেন, আর এবার তার লক্ষ্য ইরান।

তবে হালকেট বলেন, একটি বিষয় ট্রাম্পের অবস্থান থেকে পরিষ্কার। আর তা হলো—হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনও কার্যকর রয়েছে।

ট্রাম্পের বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া কী

ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের কয়েকজন কর্মকর্তা। দেশটির বিচার বিভাগের প্রধান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী ও ‘বুদ্ধিহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি ট্রাম্পের বক্তব্যকে ‘অর্থহীন’ বলে দাবি করেন এবং হরমুজ প্রণালি শুধুই ইরানের বলে উল্লেখ করেন।

অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও বলেন, ‘টুইট করে, বিমানবাহী রণতরী পাঠিয়ে, কোনও আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতার মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা যায় না’। তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। এই প্রণালি কখন বন্ধ বা খোলা হবে, তা শুধু ইরানের সিদ্ধান্তেই হবে।’

ইরান অবশ্য ওমানের সঙ্গেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে। প্রণালিটির অপর উপকূলীয় দেশ ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান ও মাসকাটের আলোচনা শিগগিরই শেষ হতে পারে।

তবে প্রণালি পুনরায় পুরোপুরি খুলে দেয়ার বিষয়টি আলাদা বলে জানিয়েছেন আরাগচি। তার মতে, এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে গত জুনের সমঝোতা স্মারকে দেয়া প্রতিশ্রুতি মানতে হবে। এর মধ্যে নৌ অবরোধ ও ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ও রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

২

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

৩

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, চার মামলায় আসামি দুই হাজার

৫

‘ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা করতে পারবে না’

৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত অন্তত ২২

৭

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলাম মোল্লাকে বাদ দেয়ার নির্দেশ হাইকোর্টের

৮

নতুন অভিবাসন পরিকল্পনা আনছে কানাডা, কারা পাবেন অগ্রাধিকার?

৯

দিনভর অনশন, মধ্যরাতে নিয়োগপত্র পেলেন ২০ প্রাথমিক শিক্ষক প্রার্থী

১০

প্রধানমন্ত্রীর নির্দেশেই সসম্মানে সেই বাংলা শিক্ষককে বাড়ি পৌঁছে দিল পুলিশ: মাহদী আমিন

১১

বিমান দুর্ঘটনায় নিহত ইসরায়েলি হলিউড অভিনেতা

১২