বলিউডের একাধিক তারকাকে প্রাণনাশের হুমকি দিয়ে কোটি কোটি রুপি চাঁদা দাবির ঘটনায় নতুন মোড় এসেছে। এ ঘটনায় ভারতের বেঙ্গালুরু থেকে বৈভব মিশ্র নামে ৩০ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। অভিনেতা তুষার কাপুর ও আয়ুষ্মান খুরানাসহ একাধিক তারকাকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বুধবার বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে বৈভবকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাইয়ে নেওয়া হচ্ছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত বিভিন্ন অভিনেতার কাছে অডিও বার্তা পাঠিয়ে নিজেকে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিতেন। গ্যাংয়ের নাম ও সদস্যদের পরিচয় ব্যবহার করে তারকাদের ভয় দেখানোর পাশাপাশি মোটা অঙ্কের অর্থ দাবি করতেন তিনি। তবে তদন্তে এখন পর্যন্ত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে বৈভবের সরাসরি কোনো সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
ঘটনার শুরু হয় অভিনেতা আয়ুষ্মান খুরানার কাছে হুমকির অডিও বার্তা পাঠানোর মধ্য দিয়ে। ওই বার্তায় প্রেরক নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য দাবি করে কয়েক কোটি রুপি দাবি করেন। এর আগে একই কায়দায় হুমকি পেয়েছিলেন অভিনেতা তুষার কাপুর। তাকে পাঠানো অডিও বার্তায় প্রেরক নিজের পরিচয় দেন গ্যাংয়ের সদস্য হ্যারি বক্সার হিসেবে। ওই বার্তায় তুষারের কাছে ৫ কোটি রুপি দাবি করা হয়েছিল।
তুষার কাপুরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে মুম্বাই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেল ও ক্রাইম ব্রাঞ্চ। হুমকির অডিওতে থাকা কণ্ঠস্বরের সঙ্গে পুলিশের কাছে সংরক্ষিত হ্যারি বক্সারের নমুনা কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয়। কিন্তু পরীক্ষায় দুই কণ্ঠের মধ্যে কোনো মিল পাওয়া যায়নি। এরপরই পুলিশের ধারণা হয়, বিষ্ণোই গ্যাংয়ের নাম ব্যবহার করে কেউ পরিকল্পিতভাবে ভুয়া হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে।
এদিকে গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই হামলা চালায়। পরে লরেন্স বিষ্ণোই গ্যাং এ ঘটনার দায় স্বীকার করে। তবে বৈভব মিশ্রের গ্রেপ্তারের সঙ্গে টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার কোনো সরাসরি যোগসূত্র এখনো খুঁজে পায়নি পুলিশ।
একাধিক বলিউড তারকাকে লক্ষ্য করে হুমকি দেওয়ার পেছনে বৈভবের প্রকৃত উদ্দেশ্য কী, অর্থ আদায়ের এই চেষ্টায় তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না এসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা।