বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন মঙ্গলবার সকালে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাধিতে গিয়ে ফাতেহা পাঠ করেন তিনি। পরে পুষ্পস্তবক অর্পণ ও মুনাজাতে অংশ নেন।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে অংশ নেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, বহুদলীয় গণতন্ত্র এবং জাতীয় উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে দলটির যাত্রা শুরু হয়।
এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি।
আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করবে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি সারাদেশের জেলা, মহানগর ও বিভিন্ন ইউনিটেও আলোচনা সভা, দোয়া ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।