বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

ছব্যি: সংগৃহীত

দেশে তীব্র গ্যাস সংকটে ভুগছেন গ্রাহকরা। রাজধানীর অনেক এলাকায় দিনে দুই বেলা ঠিকমতো চুলা জ্বলছে না। পর্যাপ্ত গ্যাস না পেয়ে শিল্পকারখানাগুলোতে উৎপাদন কমছে। এই পরিস্থিতিতে অবৈধ সংযোগ, চুরি, লিকেজ ও ব্যবস্থাপনাগত দুর্বলতায় বছরে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। অনুমোদিত সিস্টেম লস বাদ দিলে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়ায় পাঁচ হাজার কোটি টাকা, যার পুরোটাই চুরি।

সিস্টেম লস কমাতে সরকার বিশেষ ‘১৮০ দিনের পরিকল্পনা’ নেওয়ার পরও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বরং লোকসান কমানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে জ্বালানি বিভাগ।

সম্প্রতি, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লস নিয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভার কার্যবিবরণীতে এই চিত্র উঠে এসেছে। 

খাত-সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সিস্টেম লসের বড় অংশই অনুমোদিত কারিগরি ক্ষতির বাইরে, যা মূলত অবৈধ সংযোগ ও গ্যাস চুরির কারণে হচ্ছে। একদিকে সরকার হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে এলএনজি আমদানি করছে, অন্যদিকে বছরে হাজারো কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। গ্যাস চুরি বন্ধ করা গেলে ঘাটতির একটা বড় অংশ পূরণ করা সম্ভব হতো এবং ব্যয়বহুল এলএনজি আমদানির ওপর নির্ভরতা কমত।

দৈনিক ক্ষতি ১৮ কোটি টাকা

বর্তমানে দেশে প্রতিদিন গড়ে প্রায় ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। প্রতি হাজার ঘনফুট গ্যাসের সরকার নির্ধারিত গড় বিক্রয়মূল্য প্রায় ৭০০ টাকা। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে মোট সিস্টেম লস ৯ দশমিক ৩৮ শতাংশ। এই হিসাবে প্রতিদিন প্রায় ২৫ কোটি ৩৩ লাখ ঘনফুট গ্যাস হিসাবের বাইরে চলে যাচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ১৮ কোটি টাকা। বছর হিসাবে এই ক্ষতির পরিমাণ দাঁড়ায় ছয় হাজার ৫৭০ কোটি টাকা।

এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাস বিতরণে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত সিস্টেম লস অনুমোদন করে। অর্থাৎ বর্তমান ৯ দশমিক ৩৮ শতাংশ সিস্টেমলসের মধ্যে অনুমোদিত ২ শতাংশ বাদ দিলে অবশিষ্ট ৭ দশমিক ৩৮ শতাংশ মূলত চুরি। এই হিসাবে প্রতিদিন প্রায় ২০ কোটি ঘনফুট গ্যাস চুরি হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। অর্থাৎ, বছরে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার ১১০ কোটি টাকার।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, গ্যাস সঞ্চালন ও বিতরণে কারিগরি ত্রুটি সর্বোচ্চ ২ শতাংশ হতে পারে। এর বাইরে ৬-৭ শতাংশের বেশি যে ক্ষতি (সিস্টেম লস) হচ্ছে, তার পুরোটাই চুরি।

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ তিতাস ও বাখরাবাদ

গত ৩০ এপ্রিল জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক সভায় জানানো হয়, সরকারের ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী সিস্টেম লস কমানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, বর্তমান অগ্রগতিতে তা অর্জন করা সম্ভব হবে না। সভায় উপস্থিত জ্বালানি বিভাগের অপারেশন শাখার একজন যুগ্ম সচিব বলেন, সরকারের লক্ষ্য সিস্টেম লস ৬ শতাংশে নামিয়ে আনা। কিন্তু বর্তমানে তা ৯ দশমিক ৩৮ শতাংশে আটকে আছে।

সভায় আরও জানানো হয়, একমাত্র গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল) নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পেরেছে। কিন্তু তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নির্ধারিত ৫ দশমিক ৫ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, উল্টো তাদের সিস্টেম লস আরও বেড়েছে। একই ধরনের পরিস্থিতি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতেও দেখা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতি তিতাসে

পেট্রোবাংলার প্রতিবেদনে দেখা গেছে, রাষ্ট্রায়ত্ত ছয়টি গ্যাস বিতরণ প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি সিস্টেম লস তিতাসে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির সিস্টেম লস ৯ দশমিক ৪৭ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৭ দশমিক ৬৭ শতাংশ।

এ বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ জানান, বড় শিল্প গ্রাহকদের অংশে সিস্টেম লস তুলনামূলক কম। তবে অবৈধ সংযোগ, পাইপলাইনের লিকেজ এবং আবাসিক খাতের কারণে ক্ষতি বাড়ছে। 

বাড়ছে এলএনজি খাতের ভর্তুকি

২০২৪-২৫ অর্থবছরেও ছয় হাজার কোটি টাকা এলএনজিতে ভর্তুকি রাখা হলেও তা বেড়ে হয় আট হাজার ৯০০ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এলএনজি খাতে ভর্তুকির পরিমাণ ছিল ছয় হাজার কোটি টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরকারকে বেশি দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে হচ্ছে। এতে চলতি বছরের শুরুতে ভর্তুকি বেড়ে হয়েছে ১৬ হাজার ৭০০ কোটি টাকা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

১০

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

১১

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

১২