টাকা উদ্ধার হলেও চার বছরেও মেলেনি এমআরআই মেশিন

টাকা উদ্ধার হলেও চার বছরেও মেলেনি এমআরআই মেশিন

ছবি: সংগৃহীত

ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে এমআরআই মেশিন কেনার জন্য অগ্রিম দেওয়া ১৪ কোটি ২ লাখ টাকা ফেরত পাওয়া গেছে প্রায় দুই বছর আগে। অথচ কার্যাদেশ দেওয়ার চার বছর পার হলেও সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয়নি এমআরআই মেশিন। ফলে গুরুত্বপূর্ণ এই চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সিরাজগঞ্জসহ আশপাশের কয়েক জেলার লাখ লাখ মানুষ। পরীক্ষা করাতে রোগীদের ছুটতে হচ্ছে বগুড়া, ঢাকাসহ বিভিন্ন জেলার বেসরকারি হাসপাতালে। এতে একদিকে বাড়ছে চিকিৎসা ব্যয়, অন্যদিকে রোগী ও স্বজনদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন হান্নান বলেন, চিকিৎসক এমআরআই পরীক্ষা দিয়েছেন। কিন্তু এখানে সেই ব্যবস্থা না থাকায় রোগী নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে। প্রায় ১০০ কিলোমিটার পথ রোগী নিয়ে কীভাবে যাব? খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করাতে অনেক টাকা লাগে। না হলে ঢাকায় যেতে হবে। আমরা গরিব মানুষ, এত টাকা খরচ করে কীভাবে চিকিৎসা করাব, বুঝতে পারছি না।

আব্দুর রহমান নামে আরেক রোগী বলেন, সিরাজগঞ্জে অনেক হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও চিকিৎসকের সংকট রয়েছে। আমাদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয় যেন দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এমআরআই মেশিন স্থাপনের ব্যবস্থা করে। এতে জেলার সাধারণ মানুষ উপকৃত হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ মার্চ এমআরআই মেশিন সরবরাহের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান গ্রীন ট্রেডকে কার্যাদেশ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। একই বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় মেশিন সরবরাহের বিপরীতে প্রতিষ্ঠানটিকে অগ্রিম ১৪ কোটি ২ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করা হয়। তবে করোনা মহামারির কারণে নির্ধারিত সময়ে মেশিন সরবরাহ করতে না পারার কথা জানিয়ে অঙ্গীকারনামা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রিমিয়ার ব্যাংকের পে-অর্ডারে স্বাক্ষর করা চেক জমা দেওয়া হয়।
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মেশিন সরবরাহ করতে পারেনি প্রতিষ্ঠানটি।

 এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফা মৌখিক ও লিখিতভাবে তাগাদা দেয়। কিন্তু তাতেও কাজ হয়নি। পরে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি প্রিমিয়ার ব্যাংকের ধানমন্ডি সাত মসজিদ রোড শাখা থেকে ১৪ কোটি ২ লাখ টাকা হাসপাতালের অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জ এসএস রোড শাখার হিসাবে জমা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওই অর্থ স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয়।

হাসপাতালের পরিচালক ডা. এটিএম নুরুজ্জামান বলেন, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি নিরাপত্তা জামানতের টাকা হাসপাতাল কর্তৃপক্ষের হিসাবে জমা হয়। এমআরআই মেশিন পাওয়ার জন্য সাবেক পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল, সাবেক পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ তিনি নিজেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছেন। সামনে মন্ত্রী মহোদয় হাসপাতাল পরিদর্শনে আসবেন। তখন বিষয়টি আবারও তাঁর কাছে তুলে ধরা হবে।

হাসপাতালের চিকিৎসাসেবার সক্ষমতা প্রসঙ্গে পরিচালক আরও বলেন, এখানে উত্তরবঙ্গের অন্যতম আধুনিক চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সর্বাধুনিক মডুলার ল্যাব, আলট্রাসনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, ল্যাপারোস্কোপি মেশিন, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ ও ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে। তবে প্রয়োজনীয় জনবলসংকটের কারণে এখনো বড় পরিসরের অনেক সেবা চালু করা সম্ভব হয়নি।
এর আগে হাসপাতালের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, প্রিমিয়ার ব্যাংকের পে-অর্ডার ভাঙিয়ে এমআরআই মেশিনের জামানতের টাকা হাসপাতালের ব্যাংক হিসাবে জমা করা হয়। এরপর এমআরআই মেশিন পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করা হয়।

তবে প্রশ্ন উঠেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা উদ্ধার হওয়ার পরও কেন চার বছর ধরে এমআরআই মেশিন কেনা ও স্থাপনের উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে না? স্বাস্থ্য অধিদপ্তরের কোন পর্যায়ে আটকে আছে এই উদ্যোগ, কবে নাগাদ মিলবে কাঙ্ক্ষিত সেবা—এসব প্রশ্নের উত্তর জানতে চান সিরাজগঞ্জের সাধারণ মানুষ। দ্রুত এমআরআই মেশিন স্থাপন করে সরকারি ব্যবস্থাপনায় স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি তাঁদের।
 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা উদ্ধার হলেও চার বছরেও মেলেনি এমআরআই মেশিন

১

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

২

ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

৩

পুরোপুরি বন্ধ থাকছে গ্যাস সরবরাহ: যা বলছে পেট্রোবাংলা

৪

রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

১৫ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ১৭, পাশ করেছেন ১ জন

৬

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার : প্রধানমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হলো বাংলাদেশ সোলার এক্সপো

৮

নতুন করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দফায় দফায় বিস্ফোরণ

৯

পোশাকশ্রমিকদের বিক্ষোভে গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি

১০

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ টাকা নির্ধারণ

১১

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।