নারী এশিয়ান গেমস বাছাইয়ে হকির গ্রুপ পর্বে চূড়ান্ত ম্যাচে উজ্জীবিত বাংলাদেশের মুখোমুখি হবে হংকংয়ের। ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ সময় সাড়ে চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে গ্রুপ ‘এ’-তে শীর্ষে রয়েছে। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ সেমিফাইনালে যাবে।
চার সেমি-ফাইনালিস্ট দলই জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে যোগ্যতা অর্জন করবে। বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে এক পয়েন্ট পেলেই সেমি-ফাইনালে জায়গা করে নিবে লাল-সবুজের মেয়েরা।
এর আগে বাংলাদেশ উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রথম জয় তুলে নেয়।