এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন আয়োজনের চেষ্টার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের অধিবেশনে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো আমরা বলছি—আমরা চাই, চেষ্টা করব এক বছরের মধ্যে সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য।’
জেলা প্রশাসকদের সঙ্গে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা মূল যে কথাটা বলতে চেয়েছি, তা হলো স্থানীয় সরকার হচ্ছে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ভিত্তি। এটা তৃণমূলের সবচেয়ে শক্তিশালী একটি ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে সব সময় শক্তিশালী করতে পারলে গণতন্ত্র সামগ্রিকভাবে শক্তিশালী হবে এবং সাথে সাথে রাষ্ট্র শক্তিশালী হবে। আমরা সেই কথাটাই তাঁদের সামনে বলার চেষ্টা করেছি।’
জেলা প্রশাসকদের সরকারের নেতৃত্ব দিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যে কর্মসূচিগুলো তিনি নিয়েছেন, সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যাঁরা সংসদ সদস্য আছেন, তাঁদেরকে সঙ্গে নিয়ে, তাঁদের পরামর্শ নিয়ে, স্থানীয় সরকারের অন্যান্য যাঁরা সদস্য রয়েছেন, তাঁদেরকে নিয়ে সেই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণকে সঙ্গে নিয়েই তাঁদের কাজ করতে হবে। কারণ, জনগণই হচ্ছে এই দেশের মালিক এবং তৃণমূল পর্যায়ে তারাই সবকিছু নির্ধারণ করে।’
মির্জা ফখরুল বলেন, ‘এই সম্মেলনে যাঁরা উপস্থিত ছিলেন, আমরা মনে করি যে এই ডিসি সম্মেলন যে প্রতিবছর হয়, এটা অত্যন্ত প্রয়োজনীয়। সরকারের একদম জেলা পর্যায়ের যাঁরা কর্মকর্তা, তাঁদের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের মতবিনিময় যেটা হয়, সেটা অত্যন্ত ভালোভাবে কাজে দেয়। ভবিষ্যতে তা যেন আরও বাড়ে বা বাড়ানো যায়, সেটাও আমরা বলেছি।’
স্থানীয় পর্যায়ে অবকাঠামোগুলোর উন্নয়ন নিয়ে কোনো পরিকল্পনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকারের যে রাস্তাঘাটের কথা বলছেন—স্থানীয় সরকারের শুধু রাস্তাঘাট কাজ নয়। স্থানীয় সরকারের রাস্তাঘাট আছে...বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপার আছে; একই সঙ্গে প্রাইমারি স্কুলের শিক্ষার ব্যাপারও কিন্তু স্থানীয় সরকারের রয়েছে।’
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।