দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ। এরই ধারাবাহিকতায় ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
রোববার (২৫ অক্টোবর) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক আদেশে এই ঘোষণা দেয়া হয়। এতে জানানো হয়, আগামী ১ নভেম্বর, ২০২৬ থেকে ১৫ মার্চ, ২০২৭ পর্যন্ত কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা। এই সময়ে প্রতিদিন সাড়ে ৩ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।
এর আগে সাম্প্রতিক বছরগুলোয় অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে দেশের একমাত্র প্রবাল দ্বীপটিতে প্রতিদিন ২ হাজার পর্যটক ভ্রমণ করতে পারতেন। এ ছাড়াও রোববারের আন্তঃমন্ত্রণালয়ের সভায় সেন্টমার্টিনে রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে গতবারের মতো এবারও দ্বীপে জাহাজ ছাড়বে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে। এ ছাড়া দ্বীপের পরিবেশ সংরক্ষণের জন্য প্রত্যেক পর্যটককে বাড়তি ১০০ টাকা পরিশোধ করতে হবে।
গত ১২ অক্টোবর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পর্যটক যাতায়াতের সময় বাড়ানো এবং রাত্রিযাপনে নিষেধাজ্ঞা তুলে দেয়ায় খুশি দ্বীপবাসী।