এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত।

সারা দেশে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী এতে অংশ নিচ্ছে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত রুটিন অনুযায়ী, আজ সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে লিখিত পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

শিক্ষা বোর্ডের তথ্য বলছে, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী। সে তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। দুই বছর আগে নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় চার লাখ ৪৭ হাজার এবার পরীক্ষায় অংশ নিচ্ছে না।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গত ২৯ মার্চ ১১ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন বা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামারের আওতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের আগে দেহ তল্লাশির নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে কেন্দ্রসচিবদের জন্য জারি করা নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। বিশেষ ক্ষেত্রে দেরিতে আসা পরীক্ষার্থীদের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া যেতে পারে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিতে পারবেন না। কেন্দ্রসচিব কেবল ছবি তোলা যায় না- এমন সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন।

পরীক্ষার্থীদের বসার ব্যবস্থায় পাঁচ থেকে ছয় ফুট লম্বা বেঞ্চে দুইজন এবং চার ফুট লম্বা বেঞ্চে একজন করে বসানোর নির্দেশনা রয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে পরিদর্শক নিয়োজিত থাকবেন।

পরীক্ষাকেন্দ্রের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা জটলা এড়াতে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রয়োজনে হ্যান্ড মাইক ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের টয়লেটগুলো তল্লাশি করে নকলসংক্রান্ত কোনো উপকরণ থাকলে তা অপসারণের কথাও বলা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২