জর্ডানের আকাবা বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মূলত সেখানে অবস্থানরত মার্কিন সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে এই হামলা চালায় তারা।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আকাবা বিমানবন্দরে মার্কিন সি-১৭ পরিবহন বিমান এবং পি-৮ নজরদারি উড়োজাহাজ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
এতে কয়েকটি উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের মুওয়াফফাক সালতি/আল-আজরাক বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত ২০টি হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে।
এদিকে ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।
মেহরের দাবি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সহায়তায় ড্রোনটি ভূপাতিত করা হয়।
অন্যদিকে ইরাকে ইরানের হামলায় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। উত্তর ইরাকে চালানো এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মূলত ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিরাপদে নিষ্ক্রিয় করার (নিয়ন্ত্রিত বিস্ফোরণ) সময় ওই সেনা নিহত হন বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে।