বগুড়া–৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে হামলায় চোখে গুরুতর জখম হয়েছেন নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ)। জামায়াত প্রার্থীর সমর্থকরা তার ওপর এই হামলা চালায় বলে দাবি করা হয়েছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির ডা.ফারুক আহমেদ, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ।
এ সময় ডা. কাকন চিকিৎসকদের কাছে মাসুদের ডান চোখের অবস্থা এবং তার চিকিৎসার ব্যাপারে অগ্রগতি জানতে চান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাসুদের পরিবারকে সহমর্মিতা ও সহানুভূতি পৌঁছে দেওয়া হয়। ডা. কাকন মাসুদের পরিবারকে আশ্বস্ত করেন যে তারেক রহমান তার ও তার পরিবারের পাশে আছেন।